শিরোনাম

পাবনার ৫ আসনে জামানত হারিয়েছেন ১৬ প্রার্থী

পাবনা সংবাদদাতা
পাবনার ৫ আসনে জামানত হারিয়েছেন ১৬ প্রার্থী
ভোটকেন্দ্র। ছবি: সংবাদদাতা

পাবনায় পাঁচটি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৬ জন প্রার্থী জামানত হারিয়েছেন। নির্বাচনী বিধি অনুযায়ী, মোট প্রদান করা ভোটের (বৈধ ভোট) ৮ ভাগের ১ ভাগ না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

পাবনা-১ (সাঁথিয়া) আসনে জামানত বাজেয়াপ্ত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল গণি ও স্বতন্ত্র প্রার্থী তাজুল ইসলাম। তাদের মধ্যে গণি পেয়েছেন ১ হাজার ১১৪ ভোট। মোটরসাইকেল প্রতীকের তাজুল ইসলাম পেয়েছেন ১ হাজার ৩৩ ভোট। এই আসনে মোট ভোটার ৩ লাখ ৪০ হাজার ৯৩১। ব্যালট বাক্সে ভোট পড়েছে ২ লাখ ৪০ হাজার ৭৭৪টি।

পাবনা-২ (সুজানগর ও বেড়া) আসনে জামানত বাজেয়াপ্ত হয়েছে গণফোরামের সেখ নাসির উদ্দিন, জাতীয় পার্টির মেহেদী হাসান রুবেল, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আফজাল হোসেন খান কাশেমী। সূর্য্য প্রতীকে শেখ নাসির উদ্দিন পেয়েছেন ৩৩৩ ভোট। রুবেল লাঙ্গল প্রতীকে ভোট পেয়েছেন ২ হাজার ২৬০ ভোট। হাতপাখা প্রতীকের প্রার্থী আফজাল হোসেন খান কাশেমী পেয়েছেন ৫ হাজার ৮৮৪ ভোট। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৭ হাজার ৩৯৪ জন। ভোট পড়েছে ৩ লাখ ৮ হাজার ৩৭৬টি।

পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে জামানত বাজেয়াপ্ত হয়েছে গণঅধিকার পরিষদের প্রার্থী হাসানুল ইসলাম রাজা, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল খালেক, সুপ্রিম পার্টির মাহবুবুর রহমান চৌধুরী জয়, গণফোরামের সরদার আশা পারভেজ ও জাতীয় পাটির মীর নাদিম মোহাম্মদ। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৬ হাজার ৮০৪ ভোট। ভোট দিয়েছেন ৩ লাখ ৩৫ হাজার ১২৮ জন।

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে জামানত বাজেয়াপ্ত হয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সোহাগ হোসেন, নাগরিক ঐক্যের শাহনাজ হক, জাতীয় পাটির সাইফুল আজাদ মল্লিক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আনোয়ার শাহ। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪০ হাজার ১৬৮। এর মধ্যে সোহাগ হোসেন কাস্তে প্রতীকে ৪৫৯, শাহনাজ হক কেটলি প্রতীকে ১৮২, লাঙ্গল প্রতীকে সাইফুল আজাদ ৯৫৫, হাতপাখা প্রতীকে আনোয়ার শাহ ২ হাজার ৬৮৮ ভোট পেয়েছেন।

পাবনা-৫ (সদর) আসনে জামানত বাজেয়াপ্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের নাজমুল হোসাইন ও আমার বাংলাদেশ পাটির আব্দুল মজীদ মোল্লা। নাজমুল হোসাইন হাতপাখা প্রতীকে ভোট পেয়েছেন ৪ হাজার ২৬৮টি। ঈগল প্রতীকে আব্দুল মজীদ ৪৪২ ভোট পেয়েছেন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ২৮ হাজার ৪৪। ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩ লাখ ৫৮ হাজার ২২০ জন।

জেলা রিটার্নিং অফিসার ও পাবনা জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা বলেন, নির্বাচন কমিশনের বিধি মোতাবেক নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীকে আট ভাগের এক ভাগ ভোট পেতে হবে। নইলে তার জামানত বাজেয়াপ্ত হবে। সেই হিসাবে ১৬ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।

/এসআর/