শিরোনাম

পাবনায় জোড়া খুন: আসামির ফাঁসির দাবিতে সড়ক অবরোধ

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি
পাবনায় জোড়া খুন: আসামির ফাঁসির দাবিতে সড়ক অবরোধ
বৃহস্পতিবার পাবনা-দাশুড়িয়া মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীসহ কয়েক শত নারী-পুরুষ। ছবি: প্রতিনিধি

পাবনার আলোচিত দাদি-নাতনি হত্যা মামলার অভিযুক্তের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ কয়েক গ্রামের শত শত নারী-পুরুষ।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পাবনা-দাশুড়িয়া মহাসড়কের কালিকাপুর বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

টানা দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ থাকায় সড়কের উভয় পাশে অন্তত দুই কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।

বিক্ষোভকারীরা জানান, গত ২৭ ফেব্রুয়ারি রাতে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়া গ্রামে দাদি ও নাতনিকে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার প্রায় চার মাস পেরিয়ে গেলেও মামলার দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। তাই দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান তারা।

পরে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার ঘটনাস্থলে গিয়ে নিহতদের স্বজন, এলাকাবাসী ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। মামলার অগ্রগতির বিষয়ে আশ্বস্ত করলে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করে বাড়িতে ফিরে যান। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

/এসআর/