লাইনে দাঁড়ানো নিয়ে হট্টগোল, পাবনায় ৬১১ বস্তা সার লুটের অভিযোগ

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি
লাইনে দাঁড়ানো নিয়ে হট্টগোল, পাবনায় ৬১১ বস্তা সার লুটের অভিযোগ
হট্টগোলের একপর্যায়ে সার লুট করা হয় বলে অভিযোগ উঠেছে। ছবি: সিটিজেন জার্নাল

পাবনার চাটমোহর উপজেলায় সরকারি সার বিতরণকে কেন্দ্র করে হট্টগোল ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ডিলারের গুদাম থেকে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ উঠেছে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে টিনশেড ঘরে এ ঘটনা ঘটে।

‎

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে টিনশেড ঘর থেকে সরকারি সার বিতরণ করছিলেন ডিলার প্রদীপ কুমার পাল। এ সময় সার নিতে আসা কৃষক-জনতার মধ্যে লাইনে দাঁড়ানো নিয়ে হট্টগোল সৃষ্টি হয়। এক পর্যায়ে উত্তেজিত জনতা ডিলারের টিনশেড ঘর ভাঙচুর করে সার লুট করে নিয়ে যায়।

পরে হিসাব করে দেখা যায়, গুদামে মোট ১ হাজার ১৮১ বস্তা সার ছিল। এর মধ্যে ১৭০ বস্তা বিতরণ করা হয়েছে, ৪০০ বস্তা মজুত রয়েছে। বাকি ৬১১ বস্তা সার পাওয়া যাচ্ছে না।

​খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান, কৃষি বিভাগের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক এবং চাটমোহর থানার ওসি ওলিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মাইকিং করে কৃষকদের সার ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামানিক বলেন, ঘটনার খবর পেয়ে আমরা সাথে সাথেই ঘটনাস্থলে এসেছি। আমাদের হিসাব মতে এখন পর্যন্ত ৬১১ বস্তা সার মিসিং। এ ঘটনায় আমরা তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। আমাদের প্রাথমিক ধারণা, এটি কোনো পূর্ব পরিকল্পিত হতে পারে।

পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, জেলায় সারের কোনো সংকট নেই। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

/এফআর/