শিরোনাম

নোয়াখালীতে তালা ভেঙে আ.লীগ কার্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা

নোয়াখালী সংবাদদাতা
নোয়াখালী সংবাদদাতা
নোয়াখালীতে তালা ভেঙে আ.লীগ কার্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা
ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যানার হাতে নিয়ে স্লোগান দেন। ছবি: সংগৃহীত

নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয় খুলেছেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে তালা ভেঙে কার্যালয়ে ঢোকেন তারা। এ সময় ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেন। পরে মূল ফটকে একটি ব্যানার টাঙিয়ে স্থান ত্যাগ করেন।

জেলা আওয়ামী লীগের কার্যালয়টি নোয়াখালী শহরের টাউন হল মোড়ে অবস্থিত। কার্যালয় খোলার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশের একটি দল। এ সময় সন্দেহভাজন পাঁচজনকে আটক করা হয়।

তালা ভেঙে আওয়ামী লীগের কার্যালয়ে ঢোকা এবং স্লোগান দেওয়ার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, ‘নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়’ লেখা একটি ব্যানার হাতে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের সঙ্গে বয়স্ক এক ব্যক্তিকেও দেখা গেছে। ব্যানারটি টাঙিয়ে দিয়ে সবাই সটকে পড়েন।

জেলা বিএনপির সদস্য (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত দপ্তর) অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ বলেন, বিষয়টি তাদের জানা নেই। খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা সকালে দলীয় কার্যালয়ের তালা ভেঙেছেন। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। অন্যদের আইনের আওতায় আনার জন্য অভিযান চলছে।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে কার্যালয়টির প্রধান ফটকে তালা ঝোলানো ছিল।

/এসআর/