শিরোনাম

গায়ে-হলুদের অনুষ্ঠানে যাওয়ার পথে এলোপাতাড়ি গুলি, আহত ৫

নোয়াখালী সংবাদদাতা
নোয়াখালী সংবাদদাতা
গায়ে-হলুদের অনুষ্ঠানে যাওয়ার পথে এলোপাতাড়ি গুলি, আহত ৫
প্রতীকী ছবি

নোয়াখালীর বেগমগঞ্জে বিয়ের গায়ে-হলুদের অনুষ্ঠানে যাওয়ার পথে হামলা ও এলোপাতাড়ি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (১৭ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মৌশাকপুর গ্রামের গাজীটোলা এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- নজরুল ইসলাম শান্ত (২৩), মারুফ আহমেদ (২৫), মো. জসিম উদ্দিন (২৫), সাকিব হোসেন (২৭) ও বাবলু (২৫)। স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আহত নজরুল ইসলাম শান্ত জানান, তিনটি মোটরসাইকেল, দুটি সিএনজিচালিত অটোরিকশায় করে কয়েকজন নারীসহ বিয়ের গায়ে-হলুদের অনুষ্ঠানে ভিডিও করতে যাচ্ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে গাজীটোলা এলাকায় পৌঁছালে তাদের লক্ষ্য করে অতর্কিত হামলা ও এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। এ সময় তাদের সঙ্গে পাঁচজন গুলিবিদ্ধ হয়। হামলাকারীদের মধ্যে স্থানীয় হারুন ও পিচ্চি রিয়াদকে চিনতে পেরেছেন বলে দাবি করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হারুন ও রায়হানের মধ্যে বিরোধ চলে আসছিলো। এরই জেরে এ গোলাগুলির ঘটনা ঘটেছে। মূলত হারুন ও তার লোকজন তাদের প্রতিপক্ষ রায়হানের লোকজন ভেবেই গুলি চালায়।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত হারুন ও পিচ্চি রিয়াদের মুঠোফোনে একাধিক কল করা হলেও তাদের পাওয়া যায়নি।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, গুলিবিদ্ধ পাঁচজনকে জরুরি বিভাগে আনা হয়েছে। তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, বিয়ের গায়ে-হলুদ অনুষ্ঠানে যাওয়ার পথে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তনাধীন। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

/জেএইচ/