সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে তদন্ত দল গঠন করবে ডিএমপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে তদন্ত দল গঠন করবে ডিএমপি
কর্মশালায় ডিএমপির বিভিন্ন ইউনিটের ৬০ জন কর্মকর্তা অংশ নেন। ছবি: সিটিজেন জার্নাল

সড়ক দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটন ও ভবিষ্যতে তা নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ ১০ সদস্যের একটি দক্ষ বিশেষ তদন্ত দল গঠন করবে। এই দলটি ঢাকার রোড ক্র্যাশগুলোর সঠিক তদারকির পাশাপাশি মাঠপর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করবে।

সম্প্রতি ডিএমপি ও আন্তর্জাতিক সংস্থা ‘গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ’ (জিআরএসপি)-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘রোড ক্র্যাশ ইনভেস্টিগেশন’ শীর্ষক দু’দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালায় এই সিদ্ধান্ত জানানো হয়। ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস)-এর আওতায় অনুষ্ঠিত এই কর্মশালায় ডিএমপির বিভিন্ন ইউনিটের ৬০ জন কর্মকর্তা অংশ নেন।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমান মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও প্রশিক্ষণের সমন্বয়ে কর্মকর্তাদের উদ্ভাবনী পরিকল্পনা গ্রহণের পরামর্শ দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কোনো দৈব ঘটনা নয়, বরং সমন্বিত ও সঠিক পদক্ষেপের মাধ্যমে এটি প্রতিরোধ সম্ভব। দুর্ঘটনার প্রকৃত কারণ জানা গেলে প্রকৌশলী ও নীতিনির্ধারকদের পক্ষে সড়কের ত্রুটি দূর করা সহজ হবে এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত হবে।

জিআরএসপির এশিয়া-প্যাসিফিক সিনিয়র রোড পুলিশিং অ্যাডভাইজার পিটার জোন্স কর্মশালায় দুর্ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ, নকশা তৈরি ও ছবি তোলার মতো আধুনিক তদন্ত কৌশলগুলো হাতে-কলমে শিখিয়ে দেন।

সমাপনী বক্তব্যে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে কাজে লাগিয়ে সড়ক নিরাপত্তায় ইতিবাচক পরিবর্তন আনার আহ্বান জানান।

/এফআর/