নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে ১৪

নাটোর সংবাদদাতা
নাটোর সংবাদদাতা
নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে ১৪
দুর্ঘটনাকবলিত ট্রাক

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে নারী এবং শিশুও রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর পাঁচটার দিকে নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আক্তার হোসেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জগামী আরপি পরিবহনের বাসটি বরিশাল থেকে আসছিল। ভোরের দিক বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নয়জনের মৃত্যু হয়। আহত হন আরও অন্তত ২০ জন। পরে হাসপাতালে নেওয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় আরও ৫ জনের মৃত্যু হয়। ফলে মোট নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে।

অন্য আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল, নাটোর সদর হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের উপপরিচালক আক্তার হামিদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বাসটি দুমড়েমুচড়ে যাওয়ায় ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করতে বেগ পেতে হয়।

/এফআর/