বেহেস্তের টিকিট বিক্রিকারীরা ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

মনোহরদী ও বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
মনোহরদী ও বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
বেহেস্তের টিকিট বিক্রিকারীরা ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘বেহেস্তের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে। ফ্যাসিস্টরা বলছে, ডিসেম্বরে নাকি তাদের রানিমা দেশে আসবে। আর রাজাকাররা বলছে, ডিসেম্বরে আমাদের পতন ঘটাবে। সেজন্য তারা বিভিন্নভাবে ষড়যন্ত্রও করছে। তাই আপনাদের সাবধান থাকতে হবে।’

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা অডিটোরিয়ামে অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান ও টিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ আমাদের পরনির্ভরশীল রাখার জন্য নতুন একটি গ্যাস কূপও খনন করে নি। আমরা বিদেশি কোম্পানির সাথে যুক্তির মাধ্যমে দ্রুত বঙ্গোপসাগরের গ্যাস কূপ খনন করবো। যাতে করে আমরা আরও বিদ্যুৎ উৎপাদন করতে পারি। তা ছাড়া জ্বালানি সংকটে নিরসনে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে শুরু করে আমাদের সব সেক্টরের বিল্ডিংয়ের ছাদে সৌরবিদ্যুতের ব্যবস্থায় আমরা কার্যক্রম হাতে নিয়েছি। আমরা কারো উপর নির্ভর করতে চাই না।’

তিনি আরও বলেন, ‘দেশ বাঁচাতে হলে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে। সে লক্ষ্যে আগামী মাস থেকে ব্যাপক হারে জনসংখ্যা নিয়ন্ত্রণের পিলসহ অন্যান্য সামগ্রী বিতরণ শুরু করা হবে। নরমাল ডেলিভারির জন্য নতুন নতুন ঔষধ, মেশিন আনা হচ্ছে। কেউ দালালের খপ্পরে পড়ে মায়েদের সিজারের দিকে নিয়ে যাবেন না।’

মন্ত্রী জানান, আগামী শনিবার থেকে পুনরায় হামের টিকা কার্যক্রম শুরু হবে। যারা টিকা নেন নাই, সবাই গিয়ে বাচ্চাদের টিকা নেবেন।’

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বাদশা, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, সদস্য গোলাম মোস্তফা, পৌরসভা বিএনপির সদস্য সচিব অ্যাড. আব্দুল হান্নান, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুলে ক্রীড়া সামগ্রিক বিতরণ করেন মন্ত্রী। এর আগে, সকালে উপজেলার কাচিকাটা ইউনিয়নের কাটাবাড়িয়াতে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

/এফআর/