নরসিংদীর লাল গ্রুপের প্রধান গ্রেপ্তার, পিস্তল ও গুলি উদ্ধার

মনোহরদী ও বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
মনোহরদী ও বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর লাল গ্রুপের প্রধান গ্রেপ্তার, পিস্তল ও গুলি উদ্ধার
নরসিংদীর লাল গ্রুপের প্রধান আবু লালকে গ্রেপ্তারের পর উদ্ধার করা বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি

নরসিংদীর চাঞ্চল্যকর আবদুল্লাহ ওরফে বাবু হত্যাকাণ্ডের মূল হোতা ও চিহ্নিত সন্ত্রাসী গ্রুপ লাল গ্রুপের প্রধান আবু লালকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

শনিবার (৭ অক্টোবর) দুপুরে নরসিংদী মডেল থানা প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান।

এর আগে, গতকাল হবিগঞ্জের মাধবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আবু লাল নিষিদ্ধ ‘আবু লাল’ গ্রুপের প্রধান। এই লাল গ্রুপ সম্প্রতি নরসিংদী শহরের বিভিন্ন পয়েন্ট ও জেলার বিভিন্ন স্থানে গোলাগুলি ও হত্যাকাণ্ডসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে। গ্রেপ্তারের পর আবু লালের দেওয়া তথ্য অনুযায়ী, বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

নরসিংদী মডেল থানায় দায়ের করা হত্যা মামলার প্রধান আসামি আবু লাল মোট ৭টি মামলার আসামি। তাকে ধরতে পুলিশ গত কয়েক মাস ধরে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকাসহ বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালাচ্ছিল।

গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ।

/এমআর/