শিরোনাম

দেশের মানুষ বিএনপিকে ভালোবাসে: ড. মঈন খান

নরসিংদী প্রতিনিধি
দেশের মানুষ বিএনপিকে ভালোবাসে: ড. মঈন খান
পলাশে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ড. আব্দুল মঈন খান। ছবি: সিটিজেন জার্নাল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশকে আমরা উন্নয়নের দিকে নিয়ে যাবো, বিশ্বের কাছে সম্মানজনক জায়গায় দেশকে প্রতিষ্ঠিত করবো।

নির্বাচনে বিজয়ী হওয়ার পর এক প্রতিক্রিয়ায় শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীর পলাশে নিজ বাড়িতে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে তার প্রয়াত বাবা খাদ্যমন্ত্রী মোমেন খানের কবর জিয়ারত করেন।

ড. মঈন খান বলেন, বাংলাদেশের কল্যাণে ও উন্নয়নে যারা কাজ করেছে, সেই দলটিকে বিজয়ী করে দেশ চালনার দায়িত্ব দিয়েছে জনগণ।

তিনি বলেন, আমরা রাজনীতি করি জনগণের জন্য, ক্ষমতার জন্য নয়। গতকালের (বৃহস্পতিবার) নির্বাচনে প্রমাণ হয়েছে, বাংলাদেশের মানুষ বিএনপিকে ভালোবাসে। জনগণ আমাদের যে দায়িত্ব দিয়েছে তা বিএনপি আগামী ৫ বছর সঠিকভাবে পালন করবে।

নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনের সবকটিতে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপির পাঁচ নেতা। তারা হলেন, নরসিংদী-১ (সদর) আসনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নরসিংদী-২ (পলাশ) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নরসিংদী-৩ আসনে (শিবপুর) জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, নরসিংদী-৪ আসনে (মনোহরদী-বেলাব) জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক তিনবারের এমপি সরদার শাখাওয়াত হোসেন বকুল এবং নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক আশরাফ উদ্দিন বকুল।

এ বিজয়ে স্থানীয় নেতাকর্মীদের মাঝে দেখা গেছে উচ্ছ্বাস ও আনন্দ।

/এসআর/