বিএনপি একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল: স্বাস্থ্যমন্ত্রী

মনোহরদী ও বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
মনোহরদী ও বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
বিএনপি একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল: স্বাস্থ্যমন্ত্রী
আর্থিক অনুদান তুলে দিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, বিএনপি একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল। প্রধানমন্ত্রী তারেক রহমানও সম্পূর্ণ অসাম্প্রদায়িক চিন্তাধারার মানুষ। তার নেতৃত্বে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সরকার কাজ করছে।

শনিবার (১৭ অক্টোবর) সকালে নরসিংদীর মনোহরদীর চালাকচর ইউনিয়নের তামাককান্দা গ্রামে মন্ত্রীর নিজ বাসভবনে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এবারের পূজা বিএনপি সরকারের আমলের প্রথম পূজা। সরকার সব দিক দিয়ে পূজায় সুদৃষ্টি রাখছে। আমরা সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের পাশে আছি।’

তিনি বলেন, ‘স্বাধীনতার পরই এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দিয়ে পূজায় সহযোগিতা করা হয়েছে। পাশাপাশি পূজায় অসহায়দের শাড়ি উপহার দেওয়া হয়েছে। আমরা সবসময় পাশে ছিলাম আছি এবং থাকবো।’

মন্ত্রী আরও বলেন, ‘পূজায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সজাগ দৃষ্টিতে রয়েছে। পাশাপাশি বিএনপি নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকে সুন্দরভাবে পূজা উদযাপনে সহযোগিতা করছে।’

বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব বিপ্লবের সভাপতিত্বে ও মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলনের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ কাদের জলিল, মনোহরদী পৌরসভা বিএনপির সদস্য সচিব এ্যাড. আব্দুল হান্নান মিয়া, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, মনোহরদী পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রাজিব রায়, সাধারণ সম্পাদক সুকোমল মোধক প্রমুখ।

পরে, স্বাস্থ্যমন্ত্রী নিজের ব্যক্তিগত তহবিল থেকে মনোহরদী ও বেলাব উপজেলার ৮০টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে আর্থিক অনুদান তুলে দেন।

/এফআর/