শিরোনাম

রায়পুরায় পৌর টোল বন্ধ ঘোষণা এমপি আশরাফের

নরসিংদী প্রতিনিধি
রায়পুরায় পৌর টোল বন্ধ ঘোষণা এমপি আশরাফের
আশরাফ উদ্দিন বকুল। ছবি: সংগৃহীত

সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর নরসিংদীর রায়পুরা পৌরসভায় যানবাহন থেকে টোল আদায় বন্ধের ঘোষণা দিয়েছেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের এমপি প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি টোল আদায় বন্ধের ঘোষণা দেন।

স্ট্যাটাসে আশরাফ উদ্দিন বকুল উল্লেখ করেন, রায়পুরা পৌরসভার অভ্যন্তরে কোনো স্ট্যান্ডে সিএনজি, ভিভাটেক, অটোরিকশা, টেম্পুসহ কোনো ধরনের যানবাহন থেকে কোনো প্রকার ‘টোল’ (চাঁদা/ট্যাক্স) নেওয়া বা দেওয়া যাবে না।

আজ থেকে রায়পুরাকে ‘টোলমুক্ত’ হিসেবে গণ্য করা হবে। একই সঙ্গে জনস্বার্থে এ ধরনের কল্যাণকর কার্যক্রম অব্যাহত থাকবে উল্লেখ করে সবার মূল্যবান পরামর্শ কামনা করেন তিনি।

আশরাফ উদ্দিন বকুলের এ ঘোষণায় অটোরিকশা, সিএনজি, টেম্পুসহ বিভিন্ন যানবাহনের চালক-মালিক ও সাধারণ যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

অনেকেই এমপির উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বাস্তবে দ্রুত কার্যকর বাস্তবায়নের আহ্বান জানান। পাশাপাশি রায়পুরার পান্থশালা খেয়াঘাটের টোল আদায় বন্ধ এবং মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের প্রত্যাশা, ঘোষণার দ্রুত বাস্তবায়নের মাধ্যমে রায়পুরা পৌর এলাকায় স্বচ্ছ ও জনবান্ধব পরিবেশ নিশ্চিত হবে।

/এসআর/