শিরোনাম

উপজেলা হাসপাতালেও মিলবে ডায়ালাইসিস সুবিধা, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

মনোহরদী ও বেলাবো  (নরসিংদী) প্রতিনিধি
মনোহরদী ও বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
উপজেলা হাসপাতালেও মিলবে ডায়ালাইসিস সুবিধা, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলসহ অন্যরা। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, সারাদেশের জেলা হাসপাতাল ১০ শয্যা করে কিডনি ডায়ালাইসিসের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি শিগগিরই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও একই সুবিধা চালু করা হবে।

শুক্রবার (৩ জুলাই) বিকালে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কৃষকদের মাঝে আমন ধানের বীজ, লেবুর চারা ও সার বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, জনগণের স্বাস্থ্যসেবার পাশাপাশি সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সরকার কাজ করছে। তাই আগামী ছয় মাসের মধ্যে দেশের সব ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হবে। আমরা নির্বাচনে যা প্রতিশ্রুতি দিয়েছি তা বাস্তবায়ন হচ্ছে, বাকিগুলো ও দ্রুত হবে।

উপজেলা হাসপাতালেও মিলবে ডায়ালাইসিস সুবিধা, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

তিনি আরও বলেন, শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, জনগণের প্রয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন খাতে সামগ্রিকভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সেলাই মেশিন, হুইলচেয়ারসহ বিভিন্ন ধরনের সহায়তা প্রদান অব্যাহত থাকবে

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, সহকারী কমিশনার (ভূমি) সাব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তার, মনোহরদী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সদস্য মো. গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ প্রমুখ।

অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে আর্থিক প্রণোদনা, ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ করেন স্বাস্থ্যমন্ত্রী।

এরপর উপজেলা অডিটোরিয়ামে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে ৩০ জন প্রশিক্ষণপ্রাপ্ত অসচ্ছল নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন ও গাছের চারা বিতরণ করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন।

/এফআর/