নরসিংদীতে যাত্রীবাহী বাসে মিললো ১৪০ রাউন্ড গুলি, নারী আটক

মনোহরদী ও বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
মনোহরদী ও বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীতে যাত্রীবাহী বাসে মিললো ১৪০ রাউন্ড গুলি, নারী আটক
গুলিসহ আটককৃত নারী। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

নরসিংদীর রায়পুরায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১৪০ রাউন্ড সিসা গুলিসহ স্বপ্না আক্তার (৪২) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

পুলিশের দাবি, এলাকায় দুই পক্ষের সংঘর্ষে ব্যবহারের উদ্দেশ্যে এসব গুলি পরিবহন করছিলেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) ভোর ৪টা ২০ মিনিটের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরার মাহমুদাবাদ এলাকায় এনা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে স্বপ্নাকে আটক করা হয়। বাসটি সিলেট থেকে ঢাকায় যাচ্ছিল।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাসটিতে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় যাত্রী স্বপ্না আক্তারের কাছ থেকে ১৪০ রাউন্ড সিসা গুলি উদ্ধার করা হয়।

আটক স্বপ্না আক্তার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাদুঘর এলাকার মৃত আব্দুস সামাদের স্ত্রী।

এ ঘটনায় রায়পুরা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বপ্না আক্তারকে আটক করা হয়েছে। আমাদের আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে এগুলো ব্যবহার করার জন্য পরিবহন করেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

/এফআর/