শিরোনাম

বাবুরাইল খাল পুনরুদ্ধারে আন্তর্জাতিক স্বীকৃতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বাবুরাইল খাল পুনরুদ্ধারে আন্তর্জাতিক স্বীকৃতি
বাবুরাইল খাল পুনরুদ্ধার প্রকল্পের জন্য সিএএ স্যোশাল ইম্প্যাক্ট এওয়ার্ড পেয়েছে ‘ভিত্তি স্থপতিবৃন্দ লিমিটেড’

নারায়ণগঞ্জ সিটি পার্ক ও বাবুরাইল খাল পুনরুদ্ধার প্রকল্পের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের স্থাপত্য প্রতিষ্ঠান ‘ভিত্তি স্থপতিবৃন্দ লিমিটেড’। প্রতিষ্ঠানটি কমনওয়েলথ এসোসিয়েশন অব আর্কিটেকচারস (সিএএ) স্যোশাল ইম্প্যাক্ট এওয়ার্ড ২০২৬-এর আঞ্চলিক বিজয়ী হয়েছে।

গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) নিউজিল্যান্ডের অকল্যান্ডে সিএএ-এর বার্ষিক সম্মেলনে ‘ভিত্তি’র পক্ষে স্থপতি ইকবাল হাবিব ও স্থপতি ইশতিয়াজ জহির পুরস্কার গ্রহণ করেন।

বাবুরাইল খাল একসময় দখল, দূষণ ও অব্যবস্থাপনার কারণে প্রায় হারিয়ে যেতে বসেছিল। প্রকল্পটির মাধ্যমে খালটি পুনরুদ্ধারের পাশাপাশি এর আশপাশের এলাকাকে জনবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক জনপরিসর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়।

সিএএ স্যোশাল ইম্প্যাক্ট এওয়ার্ড হাতে ‘ভিত্তি স্থপতিবৃন্দ লিমিটেড’-এর দুইজন কর্ণধার
সিএএ স্যোশাল ইম্প্যাক্ট এওয়ার্ড হাতে ‘ভিত্তি স্থপতিবৃন্দ লিমিটেড’-এর দুইজন কর্ণধার

প্রকল্পে অংশগ্রহণমূলক পরিকল্পনা, পরিবেশ পুনরুদ্ধার ও স্থানীয় মানুষের সম্পৃক্ততাকে গুরুত্ব দেওয়া হয়েছে। খালের পাশে ওয়াকওয়ে, ঘাট, ভাসমান ডেক ও সবুজায়নের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে জলপথটির পুনরুদ্ধারের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের জন্য বিনোদন ও চলাচলের নতুন জনপরিসর তৈরি হয়েছে।

সিএএ স্যোশাল ইম্প্যাক্ট এওয়ার্ড সমাজে ইতিবাচক ও দৃশ্যমান প্রভাব তৈরি করা স্থাপত্য ও নগর উন্নয়ন উদ্যোগকে স্বীকৃতি দেয়। সেই বিবেচনায় বাবুরাইল খাল পুনরুদ্ধার প্রকল্পটি এ বছরের আঞ্চলিক বিজয়ী হিসেবে নির্বাচিত হয়েছে।

/এমআর/