সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদক সেবনের ভিডিও, ছাত্রদল নেতাকে অব্যাহতি

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদক সেবনের ভিডিও, ছাত্রদল নেতাকে অব্যাহতি
ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি জহিরুল ইসলাম

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি জহিরুল ইসলামকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। মাদকসদৃশ বস্তু সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

শুক্রবার রাতে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. সাদ্দাম হোসেন তালুকদারের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জহিরুল ইসলাম গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বেও ছিলেন।

জহিরুল ইসলাম ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের ধোপা জাঙ্গালিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জহিরুলের মাদকসদৃশ বস্তু সেবনের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এ নিয়ে স্থানীয় পর্যায়ে ও রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়। বিষয়টি জেলা ছাত্রদলের নেতাদের নজরে এলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী জহিরুল ইসলামকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে জহিরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল শনিবার রাতে বলেন, জহিরুলের মাদকসদৃশ বস্তু সেবনের একটি ভিডিও তাদের হাতে এসেছে। বিষয়টি যাচাই-বাছাই ও তদন্ত করা হচ্ছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে।

/এমআর/