সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে বাসে আগুন

মানিকগঞ্জ সংবাদদাতা
মানিকগঞ্জ সংবাদদাতা
সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে বাসে আগুন
ক্ষতিগ্রস্থ বাস

মানিকগঞ্জে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে পার্ক করে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, যান্ত্রিক ত্রুটি এবং চালক না থাকায় গত চার-পাচ দিন ধরে ভূঁইয়া পরিবহনের বাসটি সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে পার্কিং করে রাখা হয়েছিলো। শনিবার দিবাগত রাতে হঠাৎ বাসটিতে আগুন দেখতে পান স্থানীয়রা। এ সময় মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে এলাকাবাসী ছুটে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মানিকগঞ্জ সদর উপজেলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. মিরাজ উদ্দিন বলেন, রাত ১২টা ১৫ মিনিটের দিকে খবর পাই, গড়পাড়া নিউ মডেল হাইস্কুলের সামনে আগুন লেগেছে। ঘটনাস্থলে এসে দেখি, বাসটিতে আগুন জ্বলছে। পরে স্থানীয়দের সহযোগিতা এবং আমাদের দুটি টিম নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এই অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা প্রাথমিকভাবে প্রায় দুই থেকে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করছি।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, বাসের মালিকের বাড়ি এখানেই। কে বা কারা এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তার তদন্ত চলমান রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি দল এখানে আসে এবং আগুন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুষ্কৃতকারীরা জনমনে ভীতি সঞ্চার করতেই এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং মামলা রুজু হবে।

/এসবি/