বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক আজ
ফারাক্কা বাঁধ

গঙ্গা নদীর পানি বণ্টন তদারকির লক্ষ্যে ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত গঙ্গা পানি চুক্তির আওতায় গঠিত যৌথ কমিটির বৈঠক রবিবার (২২ নভেম্বর) অনুষ্ঠিত হবে। বৈঠকটি সোমবার (২৩ নভেম্বর) পর্যন্ত চলবে।

যৌথ নদী কমিশন, বাংলাদেশের সদস্য মো. আনোয়ার কাদির এবং ভারতের পানিসম্পদ বিভাগের কমিশনার শরদ চন্দ্র এ বৈঠকে নিজ নিজ দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। বৈঠকের অংশ হিসেবে দুই দেশের সমন্বিত প্রতিনিধিদল হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় নদীর পানিপ্রবাহ পরিমাপ ও পর্যবেক্ষণ করার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উজানে গঙ্গা নদীর ওপর ভারত ২৯টি বাঁধ ও জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করায় শুকনো মৌসুমে বাংলাদেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে প্রমত্তা পদ্মা প্রায় জলহীন হয়ে পড়ে। এতে দেশের কৃষি, মৎস্য ও পরিবেশের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে।

আগামী ১২ ডিসেম্বর ৩০ বছর মেয়াদী গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে। তবে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিদ্যমান রাজনৈতিক দূরত্ব নতুন চুক্তি বা মেয়াদ নবায়নের প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এ ছাড়া বাংলাদেশের পক্ষ থেকে জোরালো দাবি উঠেছে, ভবিষ্যতে বিদ্যমান চুক্তি নবায়ন করা হলেও সেখানে ন্যায্য হিস্যা অনুযায়ী সুনির্দিষ্ট পরিমাণ পানি পাওয়ার নিশ্চয়তা বা ‘গ্যারান্টি ক্লজ’ যুক্ত করতে হবে। বিদ্যমান চুক্তি নবায়ন করা হলেও পানি পাওয়ার নিশ্চয়তা শর্ত যুক্ত করতে চায় বাংলাদেশ।

উল্লেখ্য, ১৯৭৭ সালে প্রথমবার বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে শুকনো মৌসুমে বাংলাদেশের জন্য ৩৪ হাজার ৫০০ কিউসেক পানি পাওয়ার বিধান রাখা হয়। পরবর্তীতে ১৯৯৬ সালে দ্বিতীয় দফায় ৩০ বছর মেয়াদী নতুন চুক্তি হয়। এই চুক্তির শর্ত অনুযায়ী, প্রতি বছর ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত শুকনো মৌসুমে উভয় দেশ ১০ দিন পরপর ৩৫ হাজার কিউসেক পানি পাওয়ার কথা রয়েছে।

/এসবি/