শিরোনাম

পুলিশ পরিচয়ে মারধরের অভিযোগ, কথিত সোর্স আটক

মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ প্রতিনিধি
পুলিশ পরিচয়ে মারধরের অভিযোগ, কথিত সোর্স আটক
অভিযুক্ত মো. আলমগীর হোসেন। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পুলিশ পরিচয়ে স্থানীয়দের তল্লাশি ও হয়রানির অভিযোগে মো. আলমগীর হোসেন নামে পুলিশের এক কথিত সোর্সকে আটক করা হয়েছে। পরে তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা। এ ঘটনায় হরিরামপুর থানার এএসআই মো. সোহেল রানাকে ক্লোজড করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার বলড়া ইউনিয়নের বলড়া মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে বলড়া ইউনিয়নের পিপুলিয়া ব্রিজ এলাকায় এএসআই সোহেল রানা, আলমগীর ও এক অটোচালক মিলে মাদক উদ্ধারের উদ্দেশ্যে কয়েকজনের শরীর তল্লাশি করেন। পরে তারা দক্ষিণ চাঁদপুরের দিকে চলে যান বলে জানা যায়।

স্থানীয়দের অভিযোগ, পুলিশ পরিচয় দিয়ে ওই ব্যক্তিরা লোকজনকে হয়রানিমূলক তল্লাশি ও মারধর করেছেন। খবর পেয়ে হরিরামপুর থানায় কিলো ডিউটিতে থাকা এসআই মোহাম্মদ মাসুদ মুন্সী ঘটনাস্থলে গিয়ে আলমগীর হোসেনকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসেন।

এ ঘটনার পর হরিরামপুর থানার এএসআই মো. সোহেল রানাকে ক্লোজড করা হয়েছে বলে জানিয়েছেন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মাছুম।

/এফআর/