শিরোনাম

মাদারীপুরে টিসিবির গুদামে আগুন, পুড়েছে ১০ লাখ টাকার পণ্য

মাদারীপুর সংবাদদাতা
মাদারীপুর সংবাদদাতা
মাদারীপুরে টিসিবির গুদামে আগুন, পুড়েছে ১০ লাখ টাকার পণ্য
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া সাবাব-সহ অন্যরা

মাদারীপুর সদর উপজেলায় টিসিবির একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুদামে মজুত থাকা ভোজ্যতেল, ডাল, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) রাত ২টার দিকে চরমুগুরিয়া পাটগুদাম সংলগ্ন ‘মেসার্স মোল্লা ট্রেডার্স’ নামের গুদামে লাগে। এ আগুন দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয় বলে জানিয়েছেন মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ মোহাম্মদ আহাদুজ্জামান।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া সাবাব। তিনি বলেন, ‘কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা নির্ধারণে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয়রা জানায়, আগুনে গুদামে মজুত থাকা সয়াবিন তেলের বোতল গলে চারদিকে ছড়িয়ে পড়ে। স্তূপ করে রাখা শত শত বস্তা ডাল, চিনি ও অন্যান্য পণ্য পুড়ে যায়। তীব্র তাপের কারণে গুদামের দেয়াল ও দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা শেখ মোহাম্মদ আহাদুজ্জামান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে পারায় বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে। অগ্নিকাণ্ডে অন্তত ১০ লাখ টাকার সরকারি পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রকৃত পরিমাণ এখনো জানা সম্ভব হয়নি।’

/এসআর/