শিরোনাম

বিপদসীমার ওপরে তিস্তার পানি, বন্যা ঝুঁকিতে শত শত পরিবার

লালমনিরহাট সংবাদদাতা
লালমনিরহাট সংবাদদাতা
বিপদসীমার ওপরে তিস্তার পানি, বন্যা ঝুঁকিতে শত শত পরিবার
তিস্তা ব্যারেজ

ভারী বর্ষণ ও ভারতের গজলডোবা থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীর পানি বিপদসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে লালমনিরহাটের ৫টি উপজেলার নদী তীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া শত শত পরিবার পানিবন্দি হওয়ার তীব্র ঝুঁকিতে রয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ৯টায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি রেকর্ড করা হয় ৫২.১৮ মিটার, যা বিপদসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীতে পানি প্রবাহ বৃদ্ধি পেয়েছে। উজানের এ ঢলের কারণে বাংলাদেশ অংশের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েকদিন ধরেই বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হলেও মঙ্গলবার রাতে ভারী বৃষ্টি আর উজানের ঢলে বুধবার তিস্তা নদীর পানি প্রবাহ বেড়ে গিয়ে ডালিয়া পয়েন্টে বিপদসীমা অতিক্রম করে।

ইতোমধ্যে পানি বৃদ্ধির কারণে তিস্তার চরাঞ্চলের বিভিন্ন এলাকার রাস্তাঘাট ও ফসলি জমি পানিতে তলিয়ে যেতে শুরু করেছে। জেলার ৫টি উপজেলার নদী তীরবর্তী এলাকা বন্যায় প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, ভারী বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি বেড়েছে। এ কারণে নদী তীরবর্তী এলাকার নিম্নাঞ্চলে হালকা থেকে মাঝারি বন্যা দেখা দিতে পারে। বন্যার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সেইসঙ্গে নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

/জেএইচ/