বিএনপি-জামায়াতের নেতাদের হত্যার নির্দেশ, তাহেরপুত্র বিপ্লবের অডিও ফাঁস

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
বিএনপি-জামায়াতের নেতাদের হত্যার নির্দেশ, তাহেরপুত্র বিপ্লবের অডিও ফাঁস
এ এইচ এম বিপ্লব

লক্ষ্মীপুরের প্রয়াত পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আবু তাহেরের ছেলে এ এইচ এম বিপ্লবের বিরুদ্ধে বিএনপি ও জামায়াতের নেতাদের হত্যার পরিকল্পনা এবং তাদের বাড়িঘরে আগুন দেওয়ার নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে পাঁচ-ছয়জন ‘গেরিলা’ প্রস্তুত রেখে তাদের দিয়ে বিরোধী দলের গুরুত্বপূর্ণ নেতাদের হত্যার নির্দেশ দিতে শোনা যায়।

গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দা কণ্ঠস্বর শুনে দাবি করেছেন, অডিওতে কথা বলা ব্যক্তি এ এইচ এম বিপ্লব। তবে রেকর্ডটির সত্যতা বা এতে থাকা কণ্ঠস্বর বিপ্লবের কি না, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ছড়িয়ে পড়া অডিওতে মামুন নামের এক ব্যক্তিকে বিভিন্ন নির্দেশনা দিতে শোনা যায়। ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। কথোপকথনে বিপ্লবের কণ্ঠস্বর বলে দাবি করা ব্যক্তিকে বলতে শোনা যায়, পাঁচ-ছয়জন বিশ্বস্ত গেরিলা সদস্য প্রস্তুত রাখতে হবে। তাদের নির্দিষ্ট এলাকায় অবস্থান করানোর পর বিএনপি-জামায়াতের গুরুত্বপূর্ণ ১০ জনকে হত্যা করতে হবে। পাশাপাশি তাদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের কথাও বলা হয়।

অডিওতে আরও বলা হয়, ক্ষমতায় যাওয়ার পরিস্থিতি তৈরি হলেই বিএনপি-জামায়াতের নেতাদের লক্ষ্যবস্তু করতে হবে। তালিকায় থাকা ব্যক্তিদের কয়েকজনকে হত্যা করার কথাও উল্লেখ করা হয়। এ কাজ যেন দূর থেকে, মাথা ঠান্ডা রেখে পরিচালনা করা হয়, সে নির্দেশনাও দিতে শোনা যায়।

কথোপকথনে বিপ্লবের জন্য জেলা যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি পদে সমর্থন তৈরির বিষয়েও আলোচনা রয়েছে। এ জন্য তার নামে মিছিল আয়োজনের সম্ভাবনা যাচাই করতে বলা হয়। মিছিলে শেখ হাসিনার নাম ও ছবি এবং ব্যানারে বঙ্গবন্ধু ও তার বাবা আবু তাহেরের ছবি রাখার কথাও বলা হয়। ব্যানারে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেওয়ার পরিকল্পনার কথা উঠে আসে।

অডিওর শেষ দিকে পাঁচ-ছয়জন তরুণকে নিয়ে একটি দল গঠনের নির্দেশনার কথা শোনা যায়। তাদের নির্দিষ্টভাবে প্রস্তুত ও এলাকায় প্রতিষ্ঠিত করার কথা বলা হয়। একই সঙ্গে দলের শৃঙ্খলা মেনে চলা এবং মানুষের প্রতি ভালোবাসা রাখার কথাও উল্লেখ করা হয়।

এ এইচ এম বিপ্লবের বিরুদ্ধে অতীতেও একাধিক হত্যা মামলায় সাজা হয়েছিল। লক্ষ্মীপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আইনজীবী নুরুল ইসলাম হত্যা মামলায় ২০০৩ সালে আদালত তাকে মৃত্যুদণ্ড দেন। এ ছাড়া ইসলামী ছাত্রশিবিরের নেতা এ এস এম মহসিন ও কামাল হত্যা মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল।

নুরুল ইসলাম হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিপ্লব ২০১৮ সালের ৯ অক্টোবর রাষ্ট্রপতির ক্ষমায় কারাগার থেকে মুক্তি পান। অন্যদিকে মহসিন ও কামাল হত্যা মামলায় তার সাজা আবেদনের পরিপ্রেক্ষিতে কমিয়ে ১০ বছর করা হয়।

অডিওর বিষয়ে বক্তব্য জানতে এ এইচ এম বিপ্লবের হোয়াটসঅ্যাপ নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, বিষয়টি পুলিশের নজরে এসেছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বিপ্লব আত্মগোপনে রয়েছেন। তাকে আইনের আওতায় আনতে সরকারের বিভিন্ন সংস্থা কাজ করছে।

বিপ্লবের বাবা আবু তাহের লক্ষ্মীপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার ভাই এ কে এম সালাহ উদ্দিন টিপু জেলা যুবলীগের সাবেক সভাপতি এবং সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনিও বর্তমানে পলাতক।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট বিপ্লবের বাসার সামনে এবং শহরের মাদামব্রিজ এলাকায় চার শিক্ষার্থীসহ ১২ জন নিহত হন। শিক্ষার্থী হত্যার ঘটনায় করা দুটি মামলায় এ এইচ এম বিপ্লবকেও আসামি করা হয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

/এমআর/