বিএনপি নেতার গোয়াল থেকে চুরি হওয়া গরু উদ্ধার, শোকজ

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
বিএনপি নেতার গোয়াল থেকে চুরি হওয়া গরু উদ্ধার, শোকজ
উদ্ধার হওয়া গরু

লক্ষ্মীপুরের রামগঞ্জে চুরি হওয়া একটি গরু বিএনপির এক নেতার গোয়াল থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ভোলাকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড থেকে গরুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে স্থানীয় বিএনপি।

শোকজ পাওয়া নেতার নাম দেলোয়ার হোসেন। তিনি ভোলাকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে তাকে নোটিশ দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে ভাটরা ইউনিয়নের নলছারা জোয়ার বাড়ি এলাকার বাসিন্দা হতি বেগমের দুটি গরু চুরি হয়। এ ঘটনায় পরদিন শুক্রবার অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় মামলা করেন তিনি। এরপর স্বজন ও স্থানীয় বাসিন্দারা গরু দুটির খোঁজ শুরু করেন।

খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা দেলোয়ার হোসেনের গোয়ালঘরে একটি গরু দেখতে পান। বিষয়টি জানাজানি হলে তাঁর বাড়ির সামনে লোকজন জড়ো হন। পরে খবর পেয়ে রামগঞ্জ থানার পুলিশ গিয়ে গরুটি উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে দেলোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য খোঁজা হচ্ছে। তবে তাঁকে এলাকায় পাওয়া যায়নি। অবশ্য আজ দুপুরে মুঠোফোনে তাঁর সঙ্গে কথা হয়। দেলোয়ার দাবি করেন, গভীর রাতে দুজন ব্যক্তি তাঁর গোয়ালে গরুটি রেখে গেছেন। দলের শোকজ নোটিশ পাওয়ার কথা স্বীকার করে তিনি জানান, এর জবাব দেবেন।

ভোলাকোট ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রহিম মজুমদার বলেন, ঘটনাটি দুঃখজনক। সাংগঠনিক নিয়ম অনুযায়ী দেলোয়ার হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিন দিনের মধ্যে তাঁকে জবাব দিতে বলা হয়েছে। জবাব পাওয়ার পর দলীয়ভাবে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, চুরি যাওয়া দুটি গরুর একটি দেলোয়ার হোসেনের বাড়ি থেকে এবং অন্যটি চাটখিল থেকে উদ্ধার করা হয়েছে। দেলোয়ারকে খোঁজা হচ্ছে। তাঁকে জিজ্ঞাসাবাদের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এমআর/