লালন সাঁইয়ের আখড়াবাড়ি থেকে বোমা উদ্ধার

কুষ্টিয়া সংবাদদাতা
কুষ্টিয়া সংবাদদাতা
লালন সাঁইয়ের আখড়াবাড়ি থেকে বোমা উদ্ধার

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ি থেকে উদ্ধার করা বোমা নিষ্ক্রিয় করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) সকাল ৮টার দিকে বোমা বিশেষজ্ঞ দল এসে এটি নিষ্ক্রিয় করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ।

রবিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে পেট্রোলভর্তি বোতল, লোহার পাইপ ও বিদ্যুতের তার যুক্ত একটি সন্দেহজনক ডিভাইস উদ্ধার করা হয়। মাজারের প্রবেশপথের ডান পাশের একটি নারকেলগাছের কাছে একটি ব্যাগে ডিভাইসটি ছিল বলে জানান কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন।

সন্দেহজনক ব্যাগের উপস্থিতির খবর পেয়ে কুমারখালী থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। এ সময় মাজারে আগত সাধুদের নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়।

পরে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোমা নিষ্ক্রিয়করণ ও বিস্ফোরকবিষয়ক বিশেষজ্ঞ দলের চার সদস্য ঘটনাস্থলে পৌঁছান।

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে চলছে সাধুসঙ্গ ও তিন দিনব্যাপী গ্রামীণমেলা। রবিবার দুপুরে পুণ্যসেবার মধ্য দিয়ে সাধুসঙ্গ শেষ হলেও সোমবার মেলা, আলোচনা অনুষ্ঠান ও সংগীত পরিবেশনা চলবে।

/এফসি/