শিরোনাম

অবৈধ বালু উত্তোলন নিয়ে দুগ্রুপের সংঘর্ষ, বিএনপি নেতা নিহত

কিশোরগঞ্জ সংবাদদাতা
কিশোরগঞ্জ সংবাদদাতা
অবৈধ বালু উত্তোলন নিয়ে দুগ্রুপের সংঘর্ষ, বিএনপি নেতা নিহত
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কাছুম আলী (৬৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

রবিবার (১৯ জুলাই) নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এর আগে, গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে উপজেলার ছাতিরচর বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত কাছুম আলী ছাতিরচর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের সহসভাপতি ছিলেন। আহতরা হলেন– রমিজ মেম্বার ও হিরু মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে ছাতিরচর দক্ষিণপাড়া গ্রামের জুম্মনের নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র ঘোড়াউত্রা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছে। তবে নিহত কাছুম আলীসহ কয়েকজন ব্যক্তি বালু তুলতে বাধা দিয়ে আসছিলেন। এর জের ধরে শনিবার মধ্যরাতে দুপক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

এ সময় প্রতিপক্ষের লোকজন কাছুম আলীকে হত্যা করে বলে অভিযোগ উঠেছে।

ছাতিরচর ইউনিয়ন পরিষদের দফাদার নাজমুল ইসলাম জানান, কাছুম আলী ও রমিজ মেম্বার বালু তুলতে বাধা দিয়েছিলেন। পরে রাতে তাদের ওপর হামলা হয়। এতে কাছুম আলী নিহত ও দুজন আহত হয়েছেন।

পুলিশ জানায়, নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনকে কেন্দ্র করে রাতে দুপক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় জুম্মন ও তার লোকজন দা নিয়ে প্রতিপক্ষকে ধাওয়া দেয়। এক পর্যায়ে কাছুম আলী অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি মাহবুবুর রহমান জানান, কাছুম আলীর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় রমিজ মেম্বার ও হিরু মিয়া নামে দুজন আহত হয়েছেন। অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/