শিরোনাম

খুলনায় সন্দেহের বশে যুবককে পিটিয়ে হত্যা

খুলনা সংবাদদাতা
খুলনা সংবাদদাতা
খুলনায় সন্দেহের বশে যুবককে পিটিয়ে হত্যা
প্রতীকী ছবি

খুলনা নগরীর রায়েরমহল এলাকায় ছেলেধরা সন্দেহে রাজু শিকদার (২৬) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (সোনাডাঙ্গা জোন) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এর আগে, গতকাল মঙ্গলবার বিকালে স্থানীয় কয়েকজন রাজুকে আটক করে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় পুলিশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সন্ধ্যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাজুর মৃত্যু হয়।

নিহত রাজু শিকদার খুলনার ফুলতলা উপজেলার বালিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানানা, মঙ্গলবার বিকালে নগরীর আড়ংঘাটা থানা এলাকার রায়েরমহল বাজারের বড় মসজিদের পাশ থেকে একটি শিশুকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন রাজু। এতে সন্দেহের বশবর্তী হয়ে আশপাশের কয়েকজন রাজুকে আটক করে। এ সময় জিজ্ঞাসাবাদের নামে ছেলেধরা সন্দেহে রাজুকে মারধর করে স্থানীয়রা।

একপর্যায়ে ৯৯৯ নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তারা গুরুতর আহত অবস্থায় রাজুকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজুর মৃত্যু হয়।

নিহত রাজুর বাবা জানান, রাজু ফুলতলায় কাপড়ের দোকানের কাজ করতো। ছুটির দিন হওয়ায় মঙ্গলবার রাজু ঘুরতে বের হয়েছিল। এর মধ্যে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা করবেন বলেও জানান তিনি।

সহকারী পুলিশ কমিশনার হুমায়ুন কবির বলেন, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/