শিরোনাম

ফেলে যাওয়া ব্যাগে মিললো ১৪০০ গুলি

খাগড়াছড়ি সংবাদদাতা
ফেলে যাওয়া ব্যাগে মিললো ১৪০০ গুলি
জব্দকৃত গোলাবারুদ। ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় অভিযান চালিয়ে এক হাজার ৪০০ রাউন্ড গোলাবারুদ জব্দ করেছে বিজিবি। শনিবার (১১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার পানছড়ি উপজেলার বৌদ্ধমনিপাড়ার কাঠালতলী যাত্রী ছাউনি এলাকায় অভিযান চালায় বিজিবি। বিকেল ৪টার দিকে সীমান্ত সড়ক দিয়ে দুটি মোটরসাইকেলে চারজন ব্যক্তিকে আসতে দেখে সন্দেহজনক মনে হলে তাদেরকে চ্যালেঞ্জ করে বিজিবির টহলদল। বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে দ্রুত পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় পালিয়ে যায় তারা। পরে ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় বিপুল গোলাবারুদ উদ্ধার করা হয়।

বিজিবির দাবি, উদ্ধার হওয়া গুলি নিয়ে ঘটনাস্থল থেকে ফেরার পথে সন্ত্রাসীদের একটি দল বিজিবির টহলদলকে ঘেরাওয়ের চেষ্টা করে। তবে দ্রুত বিষয়টি জানতে পারে পানছড়ি ব্যাটালিয়ন সদরদপ্তর। সেখান থেকে ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এস এম ইমরুল কায়েসের নেতৃত্বে অতিরিক্ত দুটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। অতিরিক্ত বিজিবি সদস্য আসার খবর পেয়ে সন্ত্রাসীরা সরে যায়।

লে. কর্নেল মো. রবিউল ইসলাম জানান, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। এসব কার্যক্রম দমনে নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে।

/এফআর/