শিরোনাম

বাংলা নববর্ষ উদযাপনে খাগড়াছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রা

খাগড়াছড়ি সংবাদদাতা
বাংলা নববর্ষ উদযাপনে খাগড়াছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রা
ছবি: সংগৃহীত

পার্বত্য চট্টগ্রামের ‘বৈসাবি’কে সামনে রেখে খাগড়াছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে শোভাযাত্রায় অংশ নেন চাকমা, মারমা, ত্রিপুরাসহ বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ। চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উপলক্ষে এই শোভাযাত্রার আয়োজন করা হয়।

খাগড়াছড়ি জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া শোভাযাত্রার উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। শোভাযাত্রাটি চেঙ্গী স্কয়ার, শাপলা চত্বর হয়ে টাউন হলে এসে শেষ।

শোভাযাত্রায় অংশগ্রহণকারী কয়েকজন গণমাধ্যমকে বলেন, সারা বছর আমরা এ উৎসবের জন্য অপেক্ষা করি। নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে শোভাযাত্রায় অংশ নিতে পেরে খুব ভালো লাগছে।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ বলেন, আজকে (মঙ্লবার) শোভাযাত্রায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষ অংশ নিয়েছে। এটা আমাদের বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে বিরাজমান ভ্রাতৃত্বের প্রতিচ্ছবি। এ ধরনের উৎসব ঐক্য ও সৌহার্দ্যের সম্পর্ক আরো সুদৃঢ় করবে।

খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ শোভাযাত্রায় অংশ নিয়েছে। এর মধ্য দিয়ে আমাদের নিজেদের যে ঐতিহ্য এবং স্বকীয়তা রয়েছে সেটি আরো সুসংহত হবে। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পুরোনো বছরের বিদায় এবং নতুন বছরের বরণ উৎসব হবে।

বৈসাবি উৎসবের আনুষ্ঠানিকতা চলবে আরও কয়েক দিন। ৯ এপ্রিল ত্রিপুরা সম্প্রদায়ের শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। ১২ এপ্রিল চাকমাদের ফুল বিজু এবং ১৪ এপ্রিল মারমা সম্প্রদায়ের সাংগ্রাই শোভাযাত্রা হওয়ার কথা রয়েছে।

/এসআর/