শিরোনাম

কনটেন্ট মুছে ফেলার অভিযোগে যুবক গ্রেপ্তার

জয়পুরহাট সংবাদাতা
কনটেন্ট মুছে ফেলার অভিযোগে যুবক গ্রেপ্তার
ছবি: সংবাদদাতা

একটি ইউটিউব চ্যানেল থেকে কনটেন্ট মুছে ফেলার অভিযোগে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা থেকে রাশেদ খান মিলন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৫ এপ্রিল) রাতে উপজেলার বড়তরা ইউনিয়নের খাড়িতা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঢাকার এক নারী কণ্ঠশিল্পীর ইউটিউব চ্যানেলের দেখভালের দায়িত্বে ছিলেন রাশেদ। চ্যানেলটির আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা। অভিযোগ রয়েছে, একপর্যায়ে তিনি চ্যানেলটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে সেখানে থাকা সব গানের ভিডিও মুছে ফেলেন। এতে চ্যানেলটির আয় বন্ধ হয়ে বড় ধরনের আর্থিক ক্ষতি হয়।

ভুক্তভোগী কণ্ঠশিল্পী প্রথমে ক্ষেতলাল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে সমাধান না হওয়ায় ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে ক্ষেতলাল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার রাশেদ খান মিলন উপজেলার খাড়িতা গ্রামের বেলাল হোসেনের ছেলে।

মামলার বাদী কণ্ঠশিল্পী তানজিন তিশা জানান, ঢাকায় তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। অভিযুক্তের বাবা-মায়ের অনুরোধে তাকে ঢাকায় এনে ইউটিউব চ্যানেলটির দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছিল। কয়েক মাস কাজ করার পর তিনি চ্যানেলটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন এবং একপর্যায়ে গুরুত্বপূর্ণ কনটেন্ট মুছে ফেলেন। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকলেছুর রহমান বলেন, রাশেদ খান মিলনকে আটক করা হয়েছে। তাকে জয়পুরহাট আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ২২ এপ্রিল একই মামলায় রাশেদ খান মিলনকে আটক করা হয়েছিল।

/এসআর/