শিরোনাম

আ.লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

জয়পুরহাট সংবাদাতা
জয়পুরহাট সংবাদাতা
আ.লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
অভিযুক্ত বিএনপি নেতা মিজানুর রহমান

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার বাড়ি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মিজানুর রহমান নামে এক বিএনপি নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন আক্কেলপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহম্মেদ রানা। তিনি বলেন, ‘দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্মে জড়িত হলে তাকে ছাড় দেওয়া হবে না।’

বহিষ্কৃত মিজানুর রহমান আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়ন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

‎বহিষ্কারাদেশে বলা হয়েছে, রায়কালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুর বিরুদ্ধে অন্যের বাড়ি দখলসহ সংগঠনবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে গত ২১ জুলাই তাকে বাড়িটি ছেড়ে দেওয়ার জন্য সাত দিনের সময় দেওয়া হয়। নির্ধারিত সময় পার হলেও তিনি বাড়িটি ছেড়ে দেননি। দলের ভাবমূর্তি রক্ষায় বিএনপির সব সদস্যপদসহ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে বাবুকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

‎আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহম্মেদ রানা, সাংগঠনিক সম্পাদক সামিউল হাসান ইমন ও ইউএম মোশারফ হোসেন স্বাক্ষরিত বহিষ্কারাদেশের একটি কপি গতকাল রবিবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্র ও অভিযোগ থেকে জানা যায়, রায়কালী গ্রামের প্রায় চার শতক জমির ওপর রায়কালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেনের একটি দোতলা পাকা বাড়ি রয়েছে। কয়েক বছর আগে বাড়িটি অগ্রণী ব্যাংকের জিয়ানগর শাখায় বন্ধক রেখে ১২ লাখ টাকা ঋণ নেন তিনি। ২০২৪ সালের ৫ আগস্ট পট পরিবর্তনের পর বেলাল হোসেন বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে যান। পরে তার স্ত্রীও বাড়ি ছেড়ে চলে যান। এ সুযোগে মিজানুর রহমান বাবু বাড়িটি দখলে নেন বলে অভিযোগ ওঠে।

‎এ ঘটনায় আক্কেলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বেলাল হোসেনের স্ত্রী শাহনাজ বেগম।

স্থানীয়রা জানান, বর্তমানে বেলাল হোসেনের ওই বাড়িতে পরিবার নিয়ে বসবাস করছেন মিজানুর রহমান। বাড়ির দোতলার কয়েকটি কক্ষ তার আত্মীয়দের ভাড়া দেওয়া হয়েছে।

‎তবে বাড়ি দখলের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিএনপি নেতা মিজানুর রহমান বাবু। তিনি দাবি করে বলেন, বাড়িটি যে জমির ওপর নির্মিত, সেটি তাদের পৈতৃক সম্পত্তি। বেলাল হোসেন তাদের জমি দখল করে বাড়ি নির্মাণ করেছিলেন। এখন তারা নিজেদের জায়গা ফেরত নিয়েছেন।

‎আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, ‘একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্তের করা হচ্ছে।’

/এফআর/