শিরোনাম

আ.লীগ কার্যালয় খোলার ৩ ঘণ্টা পর অগ্নিসংযোগ

হবিগঞ্জ সংবাদদাতা
আ.লীগ কার্যালয় খোলার ৩ ঘণ্টা পর অগ্নিসংযোগ
ছবি: সংগৃহীত

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার মধ্যেই দলটির কার্যালয় খুলে দেওয়া হয়েছে। এর কয়েক ঘণ্টা পর কার্যালয়ের মূল ফটকে আগুন ধরিয়ে দেন একদল তরুণ। ওই সময় দলটির কোনো নেতাকর্মী সেখানে ছিলেন না।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের টাউন হল সড়ক এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়টির সামনে সদর ও পৌর আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী আকস্মিকভাবে জড়ো হন। তারা কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন এবং স্লোগান দেন। এরপর প্রায় ১০ মিনিট পর সেখান থেকে চলে যান তারা। বেলা ২টার দিকে একদল তরুণ ওই কার্যালয়ে যান। তারা মূল ফটকে আগুন দেন।

জেলা আওয়ামী লীগের এক নেতা জানিয়েছেন, তারা চলে আসার পর শুনতে পান, কে বা কারা অফিসটিতে আগুন দিয়েছে। পরে আগুন নিভে যায়।

এর আগে ২০২৪ সালের আগস্ট মাসে আন্দোলনের সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়টিতে কয়েক দফা আগুন দিয়েছিল। এরপর থেকে কার্যালয়টি অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল।

/এসআর/