শিরোনাম

টর্চ জ্বালিয়ে দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৩০

হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জ সংবাদদাতা
টর্চ জ্বালিয়ে দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৩০
সংঘর্ষ চলাকালীন সময়ের চিত্র

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় শিশু-কিশোরদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই মহল্লাবাসীর মধ্যে টর্চ লাইট জ্বালিয়ে তুমুল সংঘর্ষের হয়েছে। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয়পক্ষের নারী ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এর আগে, গতকাল রবিবার রাত ৯টার দিকে উপজেলার তোপখানা ও চানপাড়া মহল্লার বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। যা চলে রাত সাড়ে ১০টা পর্যন্ত।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্থানীয় একটি মাঠে প্রতিদিন ফুটবল খেলে তোপখানা ও চানপাড়া মহল্লার শিশু-কিশোররা। তবে রবিবার বিকালে খেলার মাঠে কারা আগে খেলবে, বিষয়টি নিয়ে দুই মহল্লার শিশু-কিশোরদের মধ্যে কথা-কাটাকাটি ও বাগ্‌বিতণ্ডা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যার পর দুই মহল্লার বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে উভয় মহল্লার লোকজন মাইকিং করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে রাতের অন্ধকারে উভয়পক্ষ টর্চ লাইটের আলো ফেলে একে অপরের দিকে উপর্যুপরি ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিক্ষেপ করতে থাকে। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা এই ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন।

খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি মো. নাজমুল হক বলেন, শিশু-কিশোরদের খেলাধুলার বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের সূত্রপাত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পুরোপুরি শান্ত করে। বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

/এফআর/