শিরোনাম

বাংলাদেশকে বিভক্ত হতে দেওয়া হবে না: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক, সিলেট
বাংলাদেশকে বিভক্ত হতে দেওয়া হবে না: জামায়াত আমির
নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সিটিজেন জার্নাল

বাংলাদেশকে আর কোনোভাবেই বিভক্ত হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, 'দেশ পরিচালনার সুযোগ পেলে এমন একটি ইনসাফভিত্তিক সমাজ গড়ে তোলা হবে, যেখানে আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ হবে এবং বিচার ব্যবস্থা কোনোভাবেই অর্থের কাছে প্রভাবিত হবে না।'

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে হবিগঞ্জের নিউফিল্ড মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বলেন, 'একটি ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। যারা সন্ত্রাস ও অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে চান, তাদের উচিত ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে ভোটাধিকার প্রয়োগ করা।'

বিচারব্যবস্থার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, 'বিভিন্ন ক্ষেত্রে বিচারপ্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হচ্ছে। ক্ষমতায় গেলে প্রতিটি নাগরিকের জন্য নিরপেক্ষ ও কার্যকর বিচার নিশ্চিত করা হবে। ভবিষ্যতের বাংলাদেশে রাজনৈতিক প্রতিপক্ষকে চরিত্র হননের মাধ্যমে হেয় করার সংস্কৃতি বন্ধ করা হবে।'

স্বচ্ছতা ও জবাবদিহির বিষয়ে তিনি বলেন, 'নির্বাচিত জনপ্রতিনিধি এবং তাদের পরিবারের সদস্যদের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জনসমক্ষে প্রকাশের ব্যবস্থা করা হবে।'

রাজনীতিকে পেশা হিসেবে ব্যবহারের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, 'রাজনীতি কোনো উপার্জনের মাধ্যম নয়; এটি একটি দায়িত্ব ও জনসেবার ক্ষেত্র। রাজনীতিকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করার প্রবণতা থেকেই দুর্নীতি ও চাঁদাবাজি বিস্তার লাভ করেছে। ক্ষমতায় গেলে এসব কর্মকাণ্ড বন্ধ করে ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে।'

জনসভায় তিনি দেশপ্রেমিক নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, 'দেশের সম্পদ রক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন।'

সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন। তাদের উপস্থিতিতে নিউফিল্ড মাঠ জনসমুদ্রে পরিণত হয়। জনসভায় দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।

/এসআর/