ছাত্রলীগ-যুবলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, আহত ২

গোপালগঞ্জ সংবাদদাতা
গোপালগঞ্জ সংবাদদাতা
ছাত্রলীগ-যুবলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, আহত ২
পুলিশের ওপর ছাত্রলীগ ও যুবলীগের হামলা

গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ২ পুলিশ সদস্য আহত হয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সদর থানার বেদগ্রাম খেয়াঘাট এলাকায় পুলিশের নিয়মিত টহল চলছিলো। এ সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগ নেতা মিলন ও ছাত্রলীগ নেতা মুরসালিনের নেতৃত্বে বেশ কয়েকজন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মিছিল করছিলেন। পুলিশ বাধা দিতে গেলে মিছিলকারীরা লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে সদর থানার এসআই ফুলমিয়াসহ ২ পুলিশ সদস্য আহত হন। এ সময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়।

তিনি বলেন, আহত দুই পুলিশ সদস্যকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িতনিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

/এসবি/