টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ২২২৪ জনের বিরুদ্ধে মামলা

গোপালগঞ্জ সংবাদদাতা
গোপালগঞ্জ সংবাদদাতা
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ২২২৪ জনের বিরুদ্ধে মামলা
পুলিশের গাড়িতে আগুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। মামলায় ২২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও দুই হাজার জনকে আসামি করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোসলেম আলী বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আয়ুব আলী এ তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত ১০ নভেম্বর ছাত্রলীগের ডাকা দেশব্যাপী ছাত্র ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জে দিনভর সহিংসতা চালান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ওই দিন সকাল থেকে তারা লগি-বৈঠা, ঢাল-সড়কি ও দেশীয় অস্ত্র নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন।

একপর্যায়ে তারা পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন। এ ছাড়া গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ ও পথচারীরা।

এ ঘটনায় গত বুধবার রাতেও গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। ওই মামলায় ১৫৩ জনের নাম উল্লেখ করে এবং ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

/এফআর/