শিরোনাম

জুলাই স্মরণে দুপুরে তোরণ নির্মাণ, রাতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জ সংবাদদাতা
গোপালগঞ্জ সংবাদদাতা
জুলাই স্মরণে দুপুরে তোরণ নির্মাণ, রাতে অগ্নিসংযোগ
জুলাই গণঅভ্যুত্থান তোরণে দুর্বৃত্তদের আগুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নির্মিত ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

টুঙ্গিপাড়া পৌর ছাত্রদলের আহবায়ক ইয়েন মুন্সী বলেন, ‘শনিবার দুপুরে টুঙ্গিপাড়া শিশু পার্কের সামনে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের স্মরণে পৌর স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে তোরণটি নির্মাণ করে। রাতেই তোরণটিতে অগ্নিসংযোগ করা হয়।

স্থানীয়রা জানায়, রাত ১২টার দিকে কে বা কারা তোরণে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক গোলাম সাগর এবং টুঙ্গিপাড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সীর ছবি ও নাম পরিচয়সংবলিত অংশ পুড়ে যায়।

ইয়েন মুন্সী বলেন, ‘শনিবার দুপুরে তোরণটি নির্মাণ করার পর আমরা গোপালগঞ্জ-৩ আসনের এমপি এসএম জিলানীর সঙ্গে কোটালীপাড়ায় একটা অনুষ্ঠানে যাই। পরে খবর পাই, রাত ১২টার দিকে কে বা কারা সেই তোরণে আগুন ধরিয়ে দিয়েছে।’

তিনি বলেন, ‘যারা এ কাজ করেছে তারা জুলাই যোদ্ধাদের অপমান করেছে। তাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

ওসি আইয়ুব আলী বলেছেন, ‘বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সেটা তদন্ত করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এসআর/