শিরোনাম

গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

গোপালগঞ্জ সংবাদদাতা
গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১
ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাব সদস্যরা অবস্থান করছেন। ছবি: সংগৃহীত

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামে এ সংঘর্ষ ঘটে। নিহত ব্যক্তির নাম নিলু মুন্সী (৫০)। তিনি কমলাপুর গ্রামের আনোয়ার মুন্সীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১১টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কমলাপুর গ্রামের আনোয়ার মুন্সী গ্রুপ ও নুর ইসলাম গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে। প্রথমে আনোয়ার মুন্সীর পক্ষের লোকজন হাসপাতাল গেটে নুর ইসলামকে আক্রমণ করেন। এ ঘটনার জেরে নুর ইসলামের লোকজন আনোয়ার মুন্সীর বাড়িতে গিয়ে হামলা ও ভাঙচুর চালান। পরে সংঘর্ষে বেধে যায়।

সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হন। আহতদের মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত নিলু মুন্সী, তার স্ত্রী রূপা বেগম (৪০), ভাই মিলন মুন্সী (৫২) ও দুলাল মুন্সীকে (৪০) ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসক নিলু মুন্সীকে মৃত ঘোষণা করেন।

উভয় পক্ষই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। অপর পক্ষের নুর ইসলাম বর্তমানে মুকসুদপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘সংঘর্ষের ঘটনা শোনার পরপরই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাব সদস্যরা অবস্থান করছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’

ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

/জেএইচ/