আসামি ধরতে গিয়ে এসআইয়ের হারানো পিস্তল যেভাবে উদ্ধার হলো

গাজীপুর সংবাদদাতা
গাজীপুর সংবাদদাতা
আসামি ধরতে গিয়ে এসআইয়ের হারানো পিস্তল যেভাবে উদ্ধার হলো
উদ্ধারকৃত পিস্তল

মাদকবিরোধী অভিযানে গিয়েছিলেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই)। দুই মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় ফেরার পর বুঝতে পারেন, তার সার্ভিস পিস্তলটি সঙ্গে নেই। কোথায় হারিয়েছে, তা নিয়ে তৈরি হয় রহস্য। অবশেষে পাঁচ দিন পর গাজীপুরের একটি পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হলো সেই পিস্তল।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাত পৌনে তিনটার দিকে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বাসন থানার বারবৈকা মুচিপাড়া এলাকার একটি পরিত্যক্ত জায়গা থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। এ সময় পিস্তলে লোড করা এক রাউন্ড গুলিও পাওয়া যায়।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ পিস্তল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত শনিবার (৩১ অক্টোবর) বিকালে মদসহ দুই ব্যক্তিকে আটক করেন থানার এসআই পারভেজ মল্লিক। পরে থানায় ফিরে তিনি পিস্তলটি খুঁজে না পেয়ে বিষয়টি জানান। বিষয়টি থানায় জানানোর পর এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

ওসি হারুন অর রশিদ আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১২টার দিকে বাসন থানার টিএন্ডটি সড়কের বারবৈকা (মুচিপাড়া) এলাকায় অভিযান চালানো হয়। এ সময় প্রফেসর সিরাজুল ইসলামের চারতলা ভবনের পশ্চিম পাশে একটি পরিত্যক্ত জায়গা থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। পিস্তলে এক রাউন্ড গুলি লোড করা অবস্থায় ছিল।

বাসন থানার উপপরিদর্শক (এসআই) পারভেজ মল্লিক জানান, চান্দনা চৌরাস্তার উত্তরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উনিশে টাওয়ার-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন তারা। পরে আটক ব্যক্তিদের গাড়িতে তোলার সময় ধস্তাধস্তির ঘটনা ঘটে। তবে তখনও তার সঙ্গে পিস্তলটি ছিল। আটক ব্যক্তিদের নিয়ে থানায় ফেরার পর তিনি পিস্তলটি খুঁজে পাচ্ছিলেন না। তবে কোথায় বা কীভাবে পিস্তলটি হারিয়েছে, তা নিশ্চিত হতে পারেননি।

/এফআর/