চট্টগ্রাম-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
এগারসিন্দুর ট্রেন

গাজীপুরের পুবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনার বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রাম-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে, আগুন লাগার কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এর আগে, বিকাল সাড়ে ৪টার দিকে পুবাইল রেলওয়ে স্টেশন ছাড়ার কিছুক্ষণ পর করমতলা এলাকায় এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন লাগে। এতে ইঞ্জিন বিকল হয়ে, চট্টগ্রাম-ঢাকা রুটে রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।

রেল কর্মকর্তা আনিসুর রহমান জানান, এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে লাগা আগুন নিভিয়ে ফেলা হয়েছে। পরে অন্য ইঞ্জিন দিয়ে ট্রেনটি ঢাকায় নেওয়া হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, ইঞ্জিনে আগুন লাগার কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির তদন্তের মাধ্যমে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।

/এফআর/