শিরোনাম

ফেনীতে সরকারি মেডিকেল না হলে আমরণ অনশনের হুঁশিয়ারি

ফেনী সংবাদদাতা
ফেনীতে সরকারি মেডিকেল না হলে আমরণ অনশনের হুঁশিয়ারি
সংসদে রেহেনা আক্তার রানু।

ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে জাতীয় সংসদে সরব হয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহেনা আক্তার রানু। দাবি পূরণ না হলে সংসদের দক্ষিণ প্লাজায় ফেনীর চার সংসদ সদস্যকে নিয়ে আমরণ অনশনের হুঁশিয়ারি দেন তিনি।

মঙ্গলবার (৯ জুন) বিকালে জাতীয় সংসদে বক্তব্যকালে রেহেনা আক্তার রানু বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে ফেনী দেশের একটি গুরুত্বপূর্ণ জেলা। আমরা ফেনী থেকে চারজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। একইসঙ্গে একজন যোগ্য মন্ত্রীও পেয়েছি। আমাদের চারজন এমপির দাবি এবং ফেনীর গণমানুষের দাবি, জেলায় একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে হবে। অতীতে ফেনীতে একটি বেসরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। তবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে সেটি টিকতে পারেনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ২০২৬ সালের ২৫ জানুয়ারি ফেনী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় ফেনীতে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অঙ্গীকার করেছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে তারা সংসদের ভেতরে ও বাইরে আন্দোলন চালিয়ে যাবেন।

এই সংসদ সদস্য বলেন, ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি পূরণ না হওয়া পর্যন্ত সংসদে এ বিষয়ে কথা বলে যাব। প্রয়োজন হলে সংসদের দক্ষিণ প্লাজায় ফেনীর চারজন এমপি একসঙ্গে আমরণ অনশন কর্মসূচি পালন করব।

/এসআর/