শিরোনাম

ফরিদপুরে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
ফরিদপুরে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা
সুমন শেখ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত সুমন শেখ ওই গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে এবং গোপালগঞ্জের কাশিয়ানী এম এ খালেক কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী।

​স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় শিহাব নামে এক যুবকের সঙ্গে মোটরসাইকেল চালিয়ে কাশিয়ানী যাচ্ছিলো সুমন শেখ। এ সময় বড়ভাগ গ্রামের উকিল শেখের বাড়ির সামনে পৌছালে তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে। পরে গুরুতর রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাত ৮ টার দিকে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের পরিবার অভিযোগ করে বলেন, সাবেক ইউপি সদস্য কুদ্দুস শেখের ছেলে মো. হোসাইন শেখের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে। তবে ঘটনার পর থেকেই হোসাইন শেখসহ তার সহযোগীরা পালিয়েছে।

হুসাইন শেখ ইউনিয়ন যুবলীগের সভাপতি পদে রয়েছেন বলে নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মো. আজম খান। তিনি বলেন, নিহত সুমনের ফুফাতো ভাই হুসাইন। ৪ বছর আগে সুমনের বাবাকে অপমান করে হুসাইনের লোকজন। এরপর থেকে তাদের মধ্যে বিরোধ চলে আসছে। এর আগেও সুমনের ওপর হামলা চালানো হয়েছে৷

​আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জানান, 'খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।'

/এসআর/