শিরোনাম

কামরাঙ্গীরচরে ধর্ষণ মামলায় ৪ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক
কামরাঙ্গীরচরে ধর্ষণ মামলায় ৪ জনের যাবজ্জীবন
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রবিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দণ্ডিতরা হলেন শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, নিজাম এবং মনির হোসেন ওরফে সেন্টু। সংশ্লিষ্ট আদালতের প্রসিকিউটর এরশাদ আলম (জর্জ) জানান, যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে অর্থদণ্ডের টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন আদালত।

আসামিদের মধ্যে সাইফুল ইসলাম পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অপর তিনজন আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০০৯ সালের ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় ভুক্তভোগী তরুণী তার এক বান্ধবীর সঙ্গে আশ্রাফাবাদ এলাকায় বেড়াতে যান। পরে বান্ধবী চলে গেলে আসামিরা তাকে জোরপূর্বক একটি নৌকায় তুলে বুড়িগঙ্গা নদীর মাঝখানে নিয়ে যায় এবং পালাক্রমে ধর্ষণ করে। পরে তাকে একটি বাড়ির কক্ষে আটকে রাখা হয়।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পরিবারের সদস্যরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে ভুক্তভোগী নিজেই থানায় মামলা করেন।

মামলাটি তদন্ত শেষে ২০১০ সালের ৩১ অক্টোবর পুলিশ অভিযোগপত্র দাখিল করে। বিচার চলাকালে ট্রাইব্যুনাল আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে। আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক শেষে আজ এ রায় ঘোষণা করা হয়।

/এসএ/