এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা
প্রতীকী ছবি

চলতি বছরের এইচএসসি-সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর শুরু হবে। এ পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত উভয় ধরনের পরীক্ষার্থীরা অংশ নেওয়ার সুযোগ পাবেন।

বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত কিংবা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে পারবেন। আগামী ১ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরু হবে।

তবে পরীক্ষার বিস্তারিত সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি। পরবর্তী সময়ে নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষার রুটিন জানিয়ে দেওয়া হবে।

এতে বলা হয়েছে, শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা ঢাকা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) শিগগির প্রকাশ করা হবে। আগামীকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে শনিবারের (৯ নভেম্বর) মধ্যে অনলাইনে ফর্ম পূরণ সম্পন্ন করতে হবে। পরীক্ষার প্রয়োজনীয় ফি বাবদ বোর্ডে জমা দেওয়ার অর্থ সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে ঢাকা শিক্ষা বোর্ডের সচিবের অনুকূলে পাঠানো সোনালী সেবার রশিদ শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একই নামের একাধিক শিক্ষার্থী থাকলে প্রকৃত পরীক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নম্বরের ভিত্তিতে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে নির্বাচন করতে হবে, যেন প্রকৃত পরীক্ষার্থীর পরিবর্তে অন্য কোনো পরীক্ষার্থীর নাম নির্বাচিত না হয়। এমন ভুলের জন্য যাবতীয় দায় প্রতিষ্ঠানপ্রধানকে বহন করতে হবে। সোনালী ব্যাংকের সোনালী সেবার কপি ও পরীক্ষার্থীদের সইসহ চূড়ান্ত প্রিন্ট আউট শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে। এছাড়া, নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ২০২৬ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি এবং অনিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে বোর্ডের ২০২৫ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী সাপ্লিমেন্টারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এতে বলা হয়েছে, তত্ত্বীয় প্রতি পত্র বা বিষয়ের (নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী) জন্য ১২৫ টাকা ফি দিতে হবে। ব্যবহারিক প্রতি পত্র বা বিষয়ের জন্য ২৫ টাকা ফি দিতে হবে। এইচএসসি পরীক্ষার কেন্দ্র ফি জনপ্রতি ৪৫০ টাকা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পরিশোধ করতে হবে। এছাড়া, তত্ত্বীয় বিষয়ের আদায় করা কেন্দ্র ফি থেকে প্রত্যেক কলেজ ১০ শতাংশ নিজস্ব ব্যয়ের জন্য রেখে বাকি ৯০ শতাংশ টাকা পরীক্ষাকেন্দ্রের ব্যয়ভার নির্বাহের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দিতে হবে।

ফর্ম পূরণের বিজ্ঞপ্তি
ফর্ম পূরণের বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোর্ড অফিস থেকে অব্যবহৃত উত্তরপত্র এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য সরঞ্জাম সংগ্রহ করার জন্য প্রয়োজনীয় খরচ কেন্দ্র ফি থেকে বহন করতে হবে। অর্থাৎ পরীক্ষা কেন্দ্রের যাবতীয় ব্যয় কেন্দ্র ফি থেকে ব্যয় করতে হবে।

/এসবি/