শিরোনাম

জনগণের ভোগান্তির কারণ হলে কেউ ছাড় পাবে না: গণপূর্তমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
জনগণের ভোগান্তির কারণ হলে কেউ ছাড় পাবে না: গণপূর্তমন্ত্রী
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহেরকে (বাঁয়ে) ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। ছবি: সিটিজেন জার্নাল

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে মন্ত্রণালয় সবসময় পাশে থাকবে। কিন্তু যারা জনগণের ভোগান্তির কারণ হবেন, তাদের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, জনগণ রাজউকের কাছে তাদের প্রয়োজন নিয়ে আসেন, অনুগ্রহ চাইতে নয়। কোনো ফাইল অযথা আটকে রাখা যাবে না। প্রতিটি কাজ নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করতে হবে। জনগণ যেন বারবার অফিসে ঘুরতে বাধ্য না হন, তা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নিশ্চিত করতে হবে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী বুধবার (৪ মার্চ) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন।

গণপূর্তমন্ত্রী বলেন, রাজউক সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে অনেক অভিযোগ রয়েছে। ফাইলের দীর্ঘসূত্রিতা, সেবা পেতে হয়রানি, অনিয়ম এবং অপ্রয়োজনীয় জটিলতা– এসব বিষয় আমাদের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে। এই অবস্থা পরিবর্তন করতেই হবে, এবং এখনই করতে হবে।

রাজউক আয়োজিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, সচিব মো. নজরুল ইসলাম ও রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।

রাজউক কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর বলেন, দুর্নীতি ও হয়রানিমুক্ত করে রাজউককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে চাই।

সভায় আরও উপস্থিত ছিলেন রাজউক সদস্য মোহাম্মদ বশিরুল হক ভূঁইয়া, শেখ মতিয়ার রহমান, মোহাম্মদ জহিরুল ইসলামসহ রাজউকের কর্মকর্তারা।

মতবিনিময় সভার আগে রাজউকের কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন চিফ টাউন প্ল্যানার মো. আশরাফুল ইসলাম।

রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম মতবিনিময় সভার শুরুতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

/এফসি/