শিরোনাম

জামায়াত আমিরের নারীদের নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে ঢাবিতে ঝাড়ু মিছিল

ঢাবি প্রতিনিধি
জামায়াত আমিরের নারীদের নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট,  প্রতিবাদে  ঢাবিতে ঝাড়ু মিছিল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে একদল শিক্ষার্থী (ছবি: সিটিজেন জার্নাল)

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে কর্মজীবী নারীদের নিয়ে ‘আপত্তিকর’পোস্ট দেওয়ার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ বিক্ষোভ সমাবেশ হয়। এর আগে বিক্ষোভকারীরা ঝাড়ু নিয়ে মিছিল করেন। বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী এসব কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ বলেন, ‘একটি রাজনৈতিক দল বারবার নারীকে দেশের অগ্রযাত্রার বিরুদ্ধে ব্যবহার করছে- এটি নতুন কোনো বিষয় নয়, তাদের দীর্ঘদিনের নীতি। ইতিহাস ও সাম্প্রতিক ঘটনাই এটিই প্রমাণ করে।

তিনি আরও বলেন, কর্মজীবী নারীদের সঙ্গে অবমাননাকর আচরণের জন্য সংশ্লিষ্টদের সবার সামনে ক্ষমা চাইতে হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন লেখক ও গবেষক মাহতাব উদ্দিন। তিনি বলেন, ধারাবাহিকভাবে মিথ্যা ও নাটকীয় বক্তব্যের মাধ্যমে জামায়াত নিজেদের সমর্থকদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাদের আমিরের এক্স আইডি হ্যাক হয়েছে-এমন দাবির পক্ষে তারা কোনো গ্রহণযোগ্য প্রমাণ দিতে পারেনি। তিনি আরও বলেন, আইডি হ্যাক হলে প্রথমেই পাসওয়ার্ড পরিবর্তনের বিষয়টি সামনে আসত, কিন্তু বাস্তবে দেখা গেছে পাসওয়ার্ড পরিবর্তন করেছে তারাই, যা পুরো ঘটনাটিকে সাজানো নাটক হিসেবে প্রমাণ করে।

মাহতাব উদ্দিন আরও বলেন, কর্মজীবী নারীদের মর্যাদা ক্ষুণ্ণ করার এই মানসিকতা জামায়াতের তৃণমূল পর্যায় পর্যন্ত সক্রিয় রয়েছে। তিনি নির্বাচন কমিশনের প্রতি এই ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানান এবং এই ঘটনার (এক্স অ্যাকাউন্ট হ্যাক) প্রমাণ দিতে ব্যর্থ হলে জামায়াত আমিরকে জনসম্মুখে ক্ষমা চাওয়ার দাবি জানান।

সমাবেশে বিশ্ববিদ্যালয়রে শিক্ষার্থী শেখ তাসনিম আফরোজ ইমি বলেন, ‘কিছু রাজনৈতিক দল নারীকে অবমাননার হাতিয়ার হিসেবে ব্যবহার করে ক্ষমতা যাওয়ার চেষ্টা করছে। স্বাধীনতার পর থেকে তারা মুনাফিকি ছাড়া রাষ্ট্র ও সমাজের কোনো দায়িত্বই সফলভাবে পালন করতে পারেনি। ‘

/বিবি/