শিরোনাম

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার বদ্ধপরিকর: ধর্মমন্ত্রী

কুমিল্লা সংবাদদাতা
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার বদ্ধপরিকর: ধর্মমন্ত্রী
বক্তব্য রাখেন ধর্মমন্ত্রী কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। ছবি: সংবাদদাতা

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে নিজ নির্বাচনী এলাকা মুরাদনগরে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন।

রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না– এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে ধর্মমন্ত্রী বলেন, ‘আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বদ্ধপরিকর। সাধারণ মানুষ যেন কোনো কষ্টে না পড়ে, সেইজন্য প্রধানমন্ত্রী খুবই সচেতন। আমার বিশ্বাস, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না।’

কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, ‘মানুষ যেন আগের চাইতে আরো সহজে এবং অধিক সুবিধা নিয়ে হজ পালন করতে পারেন, সেই বিষয়ে সরকার কাজ করবে। একই সঙ্গে অন্য ধর্মের মানুষের নিরাপত্তা বিধানেও সরকার সজাগ রয়েছে।’

বিগত সময়গুলোতে হজের ব্যয় বৃদ্ধি প্রসঙ্গে ধর্মমন্ত্রী কায়কোবাদ বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে সবাই কাজ করে যাবো, যেন মানুষ সকল সুবিধা ভোগ করতে পারেন। তারা যেন এটা বলে যে, আল্লাহর রহমতে আমরা অতীতের চেয়ে ভালো সুযোগ-সুবিধা পাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমরা দায়িত্ব পালন করার জন্য একশত ভাগ চেষ্টা করবো। বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি মুরানগর এবং কুমিল্লা জেলার উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

/এসআর/