কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে তদবির করলে নাম প্রকাশ করে দেবো: কুমিল্লার এসপি

কুমিল্লা সংবাদদাতা
কুমিল্লা সংবাদদাতা
কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে তদবির করলে নাম প্রকাশ করে দেবো: কুমিল্লার এসপি
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আনিসুজ্জামান

কিশোর গ্যাংবিরোধী অভিযানে কোনো ব্যক্তি অথবা মহল চাপ দেওয়ার চেষ্টা বা তদবির করলে– তাদের নাম প্রকাশ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আনিসুজ্জামান। তিনি বলেন, কুমিল্লায় কিশোর গ্যাং নির্মূল না হওয়া পর্যন্ত পুলিশের চলমান অভিযানে কোনো ধরনের বিরতি দেওয়া হবে না। অভিযান অব্যাহত থাকবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে নাগরিক সেবামূলক সফটওয়্যার ‘আমার কুমিল্লা’ উদ্বোধনের আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পুলিশ সুপার এসব কথা বলেন।

এসপি মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, কিশোর গ্যাং বর্তমানে সমাজের একটি নতুন ব্যাধি হিসেবে দেখা দিয়েছে। কুমিল্লায় কতগুলো কিশোর গ্যাং সক্রিয়, তারা কোথায় অবস্থান করে এবং বিভিন্ন সময় কোথায় দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়, সে বিষয়ে পুলিশ গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছে। এসব তথ্যের ভিত্তিতে জেলার বিভিন্ন হটস্পটে অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের সদস্যদের শনাক্ত ও আইনের আওতায় আনা হচ্ছে।

তিনি জানান, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আগে অভিযান চালানো হলেও কাঙ্ক্ষিত সফলতা পাওয়া যায়নি। তবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের সন্তান অপ্রতিম হত্যার ঘটনার পর কিশোর গ্যাংয়ের বিষয়ে নতুন করে ব্যাপকভাবে কাজ শুরু করে পুলিশ।

কিশোর গ্যাংয়ের একটি তালিকা তৈরির পর গত ২৩ সেপ্টেম্বর কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালানো হয়। ওই অভিযানে ৬২৪ জনকে আটক করা হয়। এর ধারাবাহিকতায় ২৬ সেপ্টেম্বর আরও ২৫৫ জনকে আটক করা হয়। পরদিনও অভিযান চালিয়ে রাত শেষ হওয়া পর্যন্ত ৪৮৭ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে যারা অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে, তাদের গ্রেপ্তার করে মামলা দিয়ে আদালতে পাঠানো হচ্ছে।

পুলিশ সুপার আরও বলেন, কুমিল্লা নগরসহ জেলার সাধারণ মানুষ, বিশেষ করে শিক্ষার্থী ও পথচারীরা বিভিন্ন সময় কিশোর গ্যাংয়ের কারণে ছিনতাই, দস্যুতা, ধর্ষণ ও ডাকাতির মতো অপরাধের শিকার হয়েছেন। কিশোর গ্যাংয়ের তৎপরতা নির্মূল করা সম্ভব হলে কুমিল্লা শহরসহ পুরো জেলা মানুষের বসবাসের জন্য আরও নিরাপদ হবে।

এ সময় সন্তানরা যাতে সন্ধ্যার পর অপ্রয়োজনে বাইরে আড্ডা দিতে না পারে সেজন্য অভিভাবকদের সতর্ক হওয়ার আহ্বান জানান এসপি মোহাম্মদ আনিসুজ্জামান।

/এফআর/