কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান, আটক ৩৭৯

কুমিল্লা সংবাদদাতা
কুমিল্লা সংবাদদাতা
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান, আটক ৩৭৯
কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে পুলিশের সদস্যরা

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রেখেছে জেলা পুলিশ। সবশেষ জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে ৩৭৯ জনকে আটক করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লুৎফুর রহমান এসব তথ্য জানান।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা শাখা (ডিবি) এ অভিযান পরিচালনা করে।

জেলা পুলিশ সূত্র জানায়, কুমিল্লার বিভিন্ন থানা এলাকায় কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে– এমন স্থানগুলোতে একযোগে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। এতে ডিবি সদস্য ও জেলা পুলিশের সব ইউনিট অংশ নেয়।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান জানান, আটক ৩৭৯ জনের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, উঠতি বয়সী কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকাতে নিয়মিত এ ধরনের অভিযান চালানো হচ্ছে। একইসঙ্গে অভিযানে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও নজর রাখা হচ্ছে।

/এফআর/