শিরোনাম

ফেসবুকে হা-হা রিয়েক্ট, ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
ফেসবুকে হা-হা রিয়েক্ট, ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় ফেসবুকে এক বিএনপি সমর্থকের পোস্টে হা-হা রিয়েক্টকে কেন্দ্র করে হামলার ঘটনায় এক নারী নিহত হয়েছেন। শনিবার (১৬ মে) রাত ৮টার দিকে উপজেলা সদরের টাইপালং এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সৈয়দা খাতুন ওই এলাকার বাসিন্দা সাব্বির আহমেদের স্ত্রী।

কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এ এন এম সাজেদুর রহমান জানান, এলাকার একটি মাদ্রাসায় নিষিদ্ধ ছাত্রলীগের দেয়াল লিখন নিয়ে স্থানীয় বিএনপি সমর্থক আকাশ ফেসবুকে একটি পোস্ট করেন। সেই পোস্টে হা-হা রিয়েক্ট দেন স্থানীয় এক যুবক। আকাশ তার কারণ জানতে চাইলে সেই যুবক বলেন, তিনি নয় তার স্ত্রী ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করেন।

এসপি আরও জানান, এ ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলে ওই যুবকের আত্মীয় সৈয়দা খাতুন আহত হন। একই সময়ে যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সৈয়দা খাতুনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশ হেফাজতে থাকা সেই যুবকের নাম মোহাম্মদ ইউনুস। নিহত সৈয়দা খাতুনের ছেলে আব্দুর রহমান তার বাল্যবন্ধু।

নিহতের ছেলে আব্দুর রহমান বলেন, আমি ও বন্ধু ইউনুস স্টেশনের একটি দোকানে বসে ছিলাম। অতর্কিত অবস্থায় স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহিম ও তার ছেলে আকাশ, বিএনপি নেতা মিজান সিকদার ও তার ছেলে জিসান সিকদার, শ্রমিকদল নেতা সাইফুল সিকদারসহ ১০/১২ জন আমাদের মারধর করে। একপর্যায়ে আমার মা ছুটে এসে আমাকে রক্ষা করার চেষ্টা করলে তারা মাকেও মারধর করেন। আমার মাকে যারা মেরেছে, আমি তাদের বিচার চাই।

স্থানীয় একাধিক বাসিন্দা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে টাইপালংয়ের একটি মাদ্রাসার দেয়ালে ‘জয়বাংলা’ স্লোগান লেখাকে কেন্দ্র করে থানায় করা অভিযোগের ভিত্তিতে ওই এলাকার দুইটি পক্ষ ফেসবুকে একে অপরের বিরুদ্ধে লেখালেখি করে আসছিলেন। এ ঘটনার জেরে এলাকায় তাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো।

উখিয়া থানার ওসি মুজিবুর রহমান বলেন, নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

/এসআর/