শিরোনাম

কক্সবাজারে পাহাড়ধসে নিহত ৮

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে পাহাড়ধসে নিহত ৮
পাহাড়ধস

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভারি বৃষ্টির ফলে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন।

রবিবার (৫ জুলাই) রাত ১টা ১০ মিনিটের দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ১৫ নম্বর জামতলী ক্যাম্পের ডি/৬ ব্লকে আশ্রিত রোহিঙ্গা মোহাম্মদ কামাল হোসাইনের বসতঘরের ওপর পাহাড় ধসে পড়ে। এতে কামাল হোসাইন ও তার স্ত্রী হুমায়রা বেগম এবং পুত্র মোহাম্মদ আনাসের লাশ উদ্ধার করা হয়েছে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা। তিনি বলেন, পাহাড় ধসের খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ারসার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালায়। সেখানে তিন জনকে মৃত ও দুজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে রাত ১ টা ৪৫ মিনিটের দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৭নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি/৭ ব্লকে পাহাড়ি ঢলে আসা মাটি চাপায় একরাম নামে ৭ বছর বয়সী এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়। নিহত একরাম ঐ ক্যাম্পের মোহাম্মদ রশিদের ছেলে।

এছাড়া রাত ৩টার দিকে উপজেলার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি/১১ ব্লকে পাহাড়ধসে নারী ও শিশুসহ ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

নিহতরা হলেন- ক্যাম্পের বাসিন্দা আব্দুর রাজ্জাকের মেয়ে উম্মে হাবিবা ও তার বোন তানজিনা আক্তার, মোহাম্মদ রশিদের ছেলে মোহাম্মদ রিহান ও তার ভাই হারুনুর রশিদ।

উখিয়া উপজেলা প্রশাসন জানিয়েছে, টানা বৃষ্টিপাতের কারণে পাহাড়ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করে সতর্ক করা হচ্ছে।

এ বিষয়ে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বলেন, ভারি বর্ষণের কারণে পাহাড় ধসের ঘটনা ঘটছে। এজন্য ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থানকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে নিয়মিত মাইকিং করা হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরও দুইদিন ভারি বর্ষণ অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

/জেএইচ/